দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রাক্তন শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার দায়ে হাউস আলীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলি মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাউস আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহম্মদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট বছর আগে হাউস আলীর সঙ্গে একই উপজেলার শহড়াবাড়িয়া গ্রামের আম্বিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নির্যাতন এবং ভরণপোষণে অবহেলার অভিযোগে একপর্যায়ে আম্বিয়া খাতুন তাকে তালাক দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৭ মে রাতে হাউস আলী সাবেক স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে আম্বিয়া খাতুনকে খুঁজতে থাকেন। সে সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাংনীতে অবস্থান করায় বাড়িতে ছিলেন না। স্ত্রীকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে হাউস আলী তার প্রাক্তন শাশুড়ি ফুল সুরাতুন্নেছা (৬৬)-এর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
গুরুতর দগ্ধ অবস্থায় ফুল সুরাতুন্নেছাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৪(১) ধারায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হাউস আলীকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
এমএম/